কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ২ শিক্ষক কারাগারে
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্ব পাড়া এলাকায় গোপনে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করায় ঘটনাস্থল থেকে দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত ঐ দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী পূর্ব পাড়া এলাকার একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত দুই শিক্ষকরা হলেন- পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্ব গ্রামের আ. হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০) এবং একই উপজেলার চর পাকুন্দিয়া গ্রামের আ. মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারের দরজা বন্ধ করে ব্ল্যাক বোর্ডে ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল’ লিখে খিচুরি রান্না করছিলেন বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































